ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া উলভসের প্রাক্-মৌসুম প্রস্তুতির শুরুটা ভালো হয়নি। তোলু আরোকোদারে অনুশীলন মাঠ ছাড়তে অস্বীকৃতি জানানোয় দলের গতকালের সেশন বাতিল করতে হয়।

নতুন প্রধান কোচ সেজার পেইশোতো তোলু আরোকোদারেকে প্রথম দলের সঙ্গে অনুশীলন না করতে বললে তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। ফলে গতকালের অনুশীলন স্বাভাবিকভাবে চালানো যায়নি। খেলোয়াড়ের এমন ‘ক্ষমতা’ প্রদর্শন ও বাজে শৃঙ্খলা পেইশোতো সহ্য করতে পারছেন না বলেই মনে হচ্ছে। দুই পক্ষের সম্পর্ক আরও খারাপ হওয়ায় আরোকোদারেকে মাঠে প্রবেশ থেকে বিরত রাখতে কম্পটন পার্ক অনুশীলনকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাকর্মী রেখেছে উলভস।
গত মৌসুমে খবর প্রকাশিত হয়েছিল, এপ্রিল মাসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে উলভসের 0-4 ব্যবধানে হারের পর সতীর্থ মাতেউস মানের সঙ্গে আরোকোদারের শারীরিক সংঘর্ষ হয়েছিল। আজ রাতে মেইডেনহেডে প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে দলের সঙ্গে যাবেন না তিনি। সেরি আর ফিওরেন্তিনা ও জেনোয়া এই দীর্ঘদেহী স্ট্রাইকারকে নিতে আগ্রহী।
