‘আপ টু স্পিড’ পডকাস্টে হাঙ্গেরিতে নরিসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন কুলথার্ড। তিনি বলেন, “ল্যান্ডোকে আবারও কৃতিত্ব দিতে হবে। পুরো সপ্তাহান্তে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। গ্রীষ্মকালীন বিরতির আগে তিনি সত্যিকারের বিশ্বচ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্স উপহার দিয়েছেন।”

তিনি আরও বলেন, “মজার বিষয় হলো, সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা যখন চালকদের কাছে জানতে চাইলেন গ্রীষ্মকালীন বিরতিতে তাঁরা কী করবেন, তখন সবাই নরিসের দিকে তাকিয়েছিলেন। চালকদের মধ্যে তাঁকে যেন ‘পার্টি বয়’ হিসেবেই দেখা হয়। আমার কাছে বিষয়টি একটু অন্যায্য মনে হয়। তবে যা-ই হোক, মানুষের মনে তাঁর সম্পর্কে এমন ধারণাই তৈরি হয়েছে।”
